এখন ডেঙ্গু হেমোরেজিক ফিভার বেশি হচ্ছে। এ রোগে আক্রান্ত বেশির ভাগ রোগীরই রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যায়। বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু জ্বর হলে সারা শরীরে প্রচণ্ড ব্যথা হতে পারে। রক্তে প্লাটিলেট বা অণুচক্রিকার স্বাভাবিক মাত্রা দেড় লাখ থেকে সাড়ে চার লাখ। প্রায় ৯০ শতাংশ রোগীর প্লাটিলেট কমে যায়।
এ ছাড়া নানা ধরনের ভাইরাস জ্বরেও প্লাটিলেট কমতে পারে। প্রথম থেকে ঠিকমতো চিকিৎসা করালে এবং সঠিক পরিমাপে তরল পদার্থ দিতে পারলে ডেঙ্গু মারাত্মক আকার ধারণ করে না। প্লাটিলেট বাড়াতে পারে—এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিন:
পেঁপে
বেশ কিছু গবেষণায় জানা গেছে, ফল হিসেবে পেঁপে যেমন প্লাটিলেট বাড়াতে সক্ষম, তেমনি পেঁপের পাতাও বেশ উপকারী। পুরোপুরি পাকা পেঁপেতে ভিটামিন এ থাকে প্রচুর পরিমাণে। ডেঙ্গু আক্রান্ত হলে প্রতিদিন পাকা পেঁপে খেতে পারেন, সাথে লেবুর শরবত পান করুন দিনে কয়েকবার।
ডালিম
প্রচুর আয়রন, ভিটামিন ‘সি’ ও অ্যান্টি-অক্সিডেন্ট আছে ডালিমে। ব্লাড প্লাটিলেট বাড়ে নিয়মিত ডালিম খেলে। ডালিমের রস পান করতে পারেন। অথবা সালাদে, স্মুদিতে ও ব্রেকফাস্টে রাখতে পারেন এই ফল।
সবুজ শাক
পালং শাক ও অন্যান্য সবুজ শাকে প্রচুর ভিটামিন থাকে। রান্নার পাশাপাশি সালাদ ও স্যান্ডউইচের সাথে কাঁচাও খেতে পারেন এগুলো।
মিষ্টি কুমড়া
ভিটামিন ‘এ’ সমৃদ্ধ মিষ্টি কুমড়া রক্তের প্লাটিলেট বাড়াতে সাহায্য করে। আধা গ্লাস তাজা মিষ্টি কুমড়ার জুসের সাথে এক চা চামচ মধু মিশিয়ে পান করলে প্লাটিলেট সংখ্যা বাড়ে।
রসুন
উপকারী এই মসলা রক্ত পরিশুদ্ধ করে ও প্লাটিলেট বাড়ায়। গবেষণায় দেখা গেছে, রসুনে থাকা থ্রম্বোক্সেন এ টু প্লাটিলেট বাড়ায়। প্রতিদিনের খাবারে তাই রসুন যুক্ত করুন। দুই তিন কোষ রসুন আলাদা করেও খেতে পারেন।
শিম
ভিটামিন বি নাইন সমৃদ্ধ শিম প্লাটিলেট উন্নত করতে পারে।
কিসমিস
কিসমিসে আছে প্রচুর আয়রন। শরীরে শক্তি যোগায় ও ব্লাড প্লাটিলেট স্বাভাবিক রাখে এটি। ওটমিল বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন কিসমিস।
গাজর
দৃষ্টিশক্তি বাড়াতে উপকারী গাজর। পাশাপাশি রক্তের প্লাটিলেট বাড়ায় এটি। গাজরের জুস খেতে পারেন নিয়মিত। এছাড়া সালাদ বা স্যুপ হিসেবেও খেতে পারেন গাজর।
তিলের তেল
পলি আনস্যাচুরেটেড ফ্যাট ও ভিটামিন ‘ই’ থাকে তিলের তেলে। এটি ব্লাড প্লাটিলেট বৃদ্ধির দারুণ এক ওষুধ হিসেবেও বিবেচিত।
প্রোটিন
মুরগীর মাংস, মাছ এসব খাবার থেকে প্রোটিন পাওয়া যায় বেশি। এসব খাবারে জিংক ও ভিটামিন বি টুয়েলভও থাকে প্রচুর।