বাংলাদেশ আওয়ামী লীগ, সংখ্যালঘু সম্প্রদায় এবং বিরোধী মতের মানুষের ওপর মামলা, হামলা, মবসন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি ও শিশু হত্যার ঘটনার প্রতিবাদে যুক্তরাজ্যের লন্ডনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার লন্ডনের ঐতিহাসিক আলতাব আলী পার্কে যুক্তরাজ্য বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যানার বহন করে সাম্প্রতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানান।
সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি আহমেদ মুসলাহ উদ্দিন এবং সাধারণ সম্পাদক আহমাদ মুরশিদ উদ্দিন। বক্তারা অভিযোগ করেন, দেশে রাজনৈতিক মতভিন্নতার কারণে অনেক মানুষ হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছেন। তারা আওয়ামী লীগের নেতাকর্মী, সংখ্যালঘু সম্প্রদায় এবং বিরোধী মতের মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা, উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় আওয়ামী লীগের অবদান অনস্বীকার্য। তারা দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের বিভিন্ন খাতে অর্জনের কথা তুলে ধরেন এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে চলমান গ্রেপ্তার, হয়রানি ও রাজনৈতিক দমন-পীড়নের অভিযোগ করেন।
বক্তারা আরও বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল নাগরিকের মতপ্রকাশের স্বাধীনতা, রাজনৈতিক অধিকার এবং আইনের সমান সুরক্ষা পাওয়ার কথা। কিন্তু সাম্প্রতিক সময়ে মামলা, হামলা, মবসন্ত্রাস, ধর্ষণ, খুন, রাহাজানি এবং শিশু হত্যার মতো ঘটনাগুলো জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান তারা।
প্রতিবাদ সভা শেষে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।
স্থান: আলতাব আলী পার্ক, লন্ডন, যুক্তরাজ্য