শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে নীলফামারীর কচুকাটা ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দপুর ফুটবল একাডেমি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে তারাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণে জমিয়ে তোলে লড়াই। প্রথমার্ধেই একটি গোল করে এগিয়ে যায় সৈয়দপুর ফুটবল একাডেমি। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে মরিয়া হয়ে আক্রমণ বাড়ায় কচুকাটা ফুটবল একাডেমি। তবে প্রতিপক্ষের রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় তারা।
নির্ধারিত সময়ের শেষ দিকে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে আরও একটি গোল করে সৈয়দপুর। শেষ পর্যন্ত ২-০ গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে তারা।
ফাইনাল শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোনাব্বর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসন-৩০৮ এর সংসদ সদস্য শাকিলা ফারজানা। টুর্নামেন্টের উদ্বোধন করেন রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তীসহ জেলা ও উপজেলা পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলার আয়োজন তরুণদের সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।