শাকিল খান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩০৮ মহিলা আসন এবং রংপুর-১, ২ ও ৩ আসনের বিশেষ দায়িত্বপ্রাপ্ত এমপি ব্যারিস্টার সাকিলা ফারজানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম এবং রংপুর জেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সদস্যসচিব অধ্যাপক পরিতোষ চক্রবর্তী। এ ছাড়া তারাগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কোবায়েদ হোসেনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেন অতিথিরা।
সমাপনী বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, ‘পড়াশোনার কোনো বিকল্প নেই। আজকের এই কৃতিত্ব আগামীর লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত ধরে রাখতে হবে।’
অনুষ্ঠানে উপজেলা ও জেলা বিএনপির নেতৃবৃন্দ, স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।