হেমায়েত উদ্দিন ও তাঁর স্ত্রীকে আটকের ঘটনায় উদ্বেগ, মুক্তির দাবি মতিউর রহমান শাহীনের
সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের প্রভাবশালী নেতা ও আওয়ামী লীগের পরিচিত মুখ হেমায়েত উদ্দিন এবং তাঁর সহধর্মিণী নারী নেত্রী দিনাকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্য শেফিল্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মতিউর রহমান শাহীন।
এক বিবৃতিতে তিনি বলেন, হেমায়েত উদ্দিন দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। এমন একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং তাঁর সহধর্মিণীকে আটকের ঘটনায় তিনি বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেন।
মতিউর রহমান শাহীন বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে প্রত্যেক নাগরিকের ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। রাজনৈতিক মতাদর্শ বা ভিন্নমতের কারণে কোনো ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আইন ও ন্যায়বিচারের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।
তিনি আরও বলেন, কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তা স্বচ্ছ ও আইনসম্মত প্রক্রিয়ায় পরিচালিত হওয়া উচিত। তবে অযাচিত হয়রানি বা বিতর্কিত পরিস্থিতি জনমনে উদ্বেগ সৃষ্টি করতে পারে।
বিবৃতিতে মতিউর রহমান শাহীন হেমায়েত উদ্দিন ও তাঁর সহধর্মিণীর অবিলম্বে ও নিঃশর্ত মুক্তি দাবি করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি মানবিক ও ন্যায়সংগত দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।