গোপালগঞ্জে তিন মাস মেয়াদি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধনকালে এডিস মশার আচরণগত পরিবর্তনের তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার মো: আজমুল হক। তিনি ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে নাগরিকদের নিজ উদ্যোগে চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান।
রোববার বিকেলে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের অতিরিক্ত কমিশনার ও স্থানীয় সরকার পরিচালক মো: আজমুল হক। সেখানে তিনি উল্লেখ করেন, এডিস মশা পূর্বে কেবল দিনের বেলাতেই কামড়াতো, কিন্তু এখন তা রাতেও কামড়াচ্ছে। এমনকি এই মশা এখন আর শুধু পরিষ্কার পানিতে নয়, বরং ময়লা পানিতেও বংশবিস্তার করছে।
অনুষ্ঠানে অতিরিক্ত কমিশনার আরও বলেন, দ্রুত নগরায়ণের ফলে শহরগুলোতে বর্জ্যের পরিমাণ আশঙ্কাজনকভাবে বাড়ছে, যা ব্যবস্থাপনা করা প্রশাসনের জন্য অত্যন্ত দুরূহ হয়ে দাঁড়িয়েছে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে নিজের দায়িত্ব থেকে সচেতন হতে হবে এবং ময়লা-আবর্জনা পরিষ্কারে এগিয়ে আসতে হবে।
গোপালগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান জানান, ডেঙ্গুর প্রকোপ এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। এডিস মশার এই পরিবর্তিত রূপ রুখতে আগামী তিন মাস পর্যন্ত জেলাজুড়ে এই বিশেষ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে।
উদ্বোধনী পর্ব শেষে অর্ধশতাধিক পরিচ্ছন্নতাকর্মীকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ মেডিকেল কলেজ, নার্সিং ইনস্টিটিউট ও জেলা পরিষদ প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। এ সময় গোপালগঞ্জ মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অমল চন্দ্র পাল, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মাদ ফারুক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।