চায়ের প্যাকেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা ১২ হাজার পিস ইয়াবাসহ মনসুর মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার (১ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর কামাল কাছনা এলাকায় এসএ পরিবহনের একটি কার্যালয়ে পরিচালিত যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার মনসুর মণ্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, কক্সবাজার থেকে এসএ পরিবহনের মাধ্যমে পার্সেল করে ইয়াবার এই বড় চালানটি রংপুরে পাঠানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে বগুড়া ও রংপুর কার্যালয়ের কর্মকর্তারা সকাল থেকেই ছদ্মবেশে পরিবহন কার্যালয়ের আশপাশে অবস্থান নেন।
দুপুরে মনসুর মণ্ডল পার্সেলটি গ্রহণ করতে এলে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে পার্সেলটি তল্লাশি করে চায়ের প্যাকেটের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ১২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনসুর মণ্ডল দীর্ঘদিন ধরে পাইকারি পর্যায়ে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে ডিএনসি। তদন্ত সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে তিনি নিজের চায়ের দোকানকে আড়াল হিসেবে ব্যবহার করতেন। ওই দোকানকে কেন্দ্র করেই পরিচালিত হতো তার মাদক ব্যবসা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রংপুর বিভাগীয় অতিরিক্ত পরিচালক মাসুদ হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে ইয়াবার বড় একটি চালান জব্দ করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ চলছে।’
বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক জিল্লুর রহমান বলেন, ‘চায়ের প্যাকেটের ভেতরে অত্যন্ত কৌশলে ইয়াবাগুলো লুকিয়ে রাখা হয়েছিল। অভিযানের সময় এসএ পরিবহন কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহযোগিতা করেছে। উদ্ধার হওয়া ইয়াবা এবং গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, এই চালানের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে এবং পুরো চক্রকে আইনের আওতায় আনতে অভিযান চলবে।