মৌলভীবাজারে ৩ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে জনতা। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। শনিবার (১৩ মে) দুপুরে সদর উপজেলার ৭নং চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা বাজার এলাকা থেকে তাদের আটক করে থানা পুলিশ।
আটককৃতরা হলেন- উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত নুর মিয়ার মেয়ে হাশিমা (১৮), সিরাজুল ইসলামের মেয়ে সাজিদা (১৭) ও আব্দুল হাশিমের পুত্র মুজিবুর রহমান (১৭)।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনূর রশীদ চৌধুরী। তিনি জানান, রোহিঙ্গারা কৌশলে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে শনিবার সকালে যাত্রীবাহী বাসে করে মৌলভীবাজার বাসট্যান্ড এলাকায় আসে।
পরে কুলাউড়া উপজেলাধীন চাতলাপুর সীমান্ত হয়ে ভারতে যাওয়ার জন্য আরেকটি যাত্রীবাহী বাসে উঠে তারা। এ সময় সদর উপজেলার শ্যামেরকোনা বাজারে দুপুরের দিকে স্থানীয় জনতা তাদের করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটক করে। ওসি আরও জানান, আটককৃতদের ক্যাম্পে ফেরত পাঠানো হবে।