ডিজেল ছাড়া অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫ টাকা করে বাড়িয়েছে সরকার। রবিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
নতুন মূল্য অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা, পেট্রোলের দাম ১৩৫ টাকা থেকে ১৪০ টাকা এবং কেরোসিনের দাম ১৩০ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে ডিজেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। প্রতি লিটার ডিজেল আগের মতোই ১১৫ টাকায় বিক্রি হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বাজারে নতুন বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম সোমবার (১ জুন) থেকে কার্যকর হবে।
এর আগে গত ১৯ এপ্রিলও জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছিল। সে সময় প্রতি লিটার ডিজেলের দাম ১৫ টাকা, অকটেনের দাম ২০ টাকা, পেট্রোলের দাম ১৯ টাকা এবং কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ানো হয়।
ওই সিদ্ধান্তের পর ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা, অকটেনের দাম ১২০ টাকা থেকে ১৪০ টাকা, পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
নতুন সিদ্ধান্তের ফলে গত দেড় মাসের ব্যবধানে অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম দ্বিতীয় দফায় বাড়ল।