জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকারের দায়িত্ব গ্রহণের পর গত তিন মাসে দেশে ধর্ষণের শিকার হয়েছেন ১৩৭ জন নারী। এর মধ্যে শিশু রয়েছে ৯১ জন, যা মোট ঘটনার প্রায় ৬৩ শতাংশ।
রবিবার (২৪ মে) রাতে স্বেচ্ছাসেবী মানবাধিকার সংগঠন ক্রাইম ডকুমেন্টেশন সেন্টার (ক্রিডো) প্রকাশিত এক পরিসংখ্যানে এসব তথ্য তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান তৈরিতে আইন ও সালিশ কেন্দ্র, অধিকার, ক্রাইসিসি ডকুমেন্টেশন এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের তথ্য ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
ক্রিডোর তথ্য অনুযায়ী, চলতি মে মাসে শিশু ধর্ষণের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে। অন্যদিকে, ১৮ বছরের বেশি বয়সী নারীদের ধর্ষণের ঘটনা মার্চ মাসে ছিল সর্বোচ্চ, যেখানে ভুক্তভোগীর সংখ্যা ১৫ জন।
এ ছাড়া গত তিন মাসে ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছে ২২টি। এর মধ্যে মার্চ মাসেই ১০টি ঘটনা ঘটে, যা এ সময়ের মধ্যে সর্বোচ্চ।
পরিসংখ্যানে আরও বলা হয়, ধর্ষণের পর হত্যার শিকার হয়েছেন ২১ জন। মাসভিত্তিক হিসাবে ফেব্রুয়ারির শেষ ১০ দিনেই এমন ঘটনা ঘটেছে আটটি, যা সর্বোচ্চ।
প্রকাশিত প্রতিবেদনে প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মানবাধিকার সংগঠন ক্রিডো।