বিনোদন ডেস্ক: উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তার ভক্তের সংখ্যা নেহায়েত কম নয়। বিভিন্ন কনসার্টে সেটার প্রমাণ পাওয়া যায়। তবে মাঝে মাঝে অনুরাগীরা এমন সব কাণ্ড ঘটিয়ে বসেন, যা অপ্রত্যাশিত থাকে। সম্প্রতি এমন একটি ঘটনার সম্মুখীন হলেন তিনি।
এমনটা যে ঘটবে তা আন্দাজও করতে পারেননি আতিফ আসলাম। তাই প্রথমে একটু চমকেই গিয়েছিলেন। তবে কিছুটা নিজেকে সামলে নিয়ে পরিস্থিতি সামাল দিলেন। নাহ, রাগ করেননি আতিফ। বরং মাথা ঠান্ডা রেখে বিষয়টিকে সামলে নিলেন।
সম্প্রতি আমেরিকায় এক কনসার্টে মন দিয়ে গান করছিলেন আতিফ। দর্শকরাও তার গান বেশ উপভোগ করছিলেন। হঠাৎই গায়কের মুখের ওপর এসে পড়ে এক গুচ্ছ টাকা। সঙ্গে সঙ্গে গান থামালেন তিনি।
তখন ভক্তের উদ্দেশে আতিফ বললেন, ‘বন্ধুরা, এই টাকাটা দান করো। আমার দিকে ছুড়ো না। এটা টাকার অসম্মান।’
আতিফের এই ভিডিও ভাইরাল এখন সামাজিক মাধ্যমে। তার এমন ব্যবহারে আপ্লুত নেটিজেনরা। গায়ককে প্রশংসায় ভাসান তারা।