জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ১২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এ পরীক্ষায় গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নেন। নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন—এই তিন ধরনের পরীক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণ করেন
বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সারাদেশে ৬৫২টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৯০৮টি কলেজের মোট ১ লাখ ৮৪ হাজার ৮৯৬ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে গড় উত্তীর্ণের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ২৭ শতাংশে।বিশ্ববিদ্যালয়ের
ফল প্রকাশের বিষয়ে উপাচার্যের বক্তব্য
ফল প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান। একই সঙ্গে যারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি, তাদের হতাশ না হয়ে পুনরায় প্রস্তুতি নিয়ে পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
উপাচার্য বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী অকৃতকার্য হলেও প্রকাশিত পাসের হারই প্রকৃত ফলাফল এবং ফলাফলে কোনো ধরনের হস্তক্ষেপ করা হয়নি। একই সঙ্গে এত সংখ্যক শিক্ষার্থী কেন অকৃতকার্য হয়েছেন, তা নিয়ে ভবিষ্যতে গবেষণা করা হবে বলেও তিনি জানান।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, শিক্ষার্থীদের দীর্ঘ সময় অপেক্ষায় না রেখে দ্রুত ফল প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় সূত্রে প্রকাশিত তথ্যে বলা হয়েছে, পরীক্ষা শেষ হওয়ার ২৭ কর্মদিবসের মধ্যে এবারের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ করা হয়েছে।
যেভাবে ফলাফল জানা যাবে
শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে প্রবেশ করে নিজেদের ফলাফল দেখতে পারবেন।
ফলাফল দেখতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফলাফল পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। ফলাফল প্রকাশের পর কোনো অসঙ্গতি বা ভুল ধরা পড়লে তা সংশোধন অথবা প্রয়োজন অনুযায়ী ফলাফল বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।