1. abdullahalniat1952@gmail.com : Abdullah Al Niat : Abdullah Al Niat
  2. rangpursangbad@gmail.com : সংবাদ পোস্ট : সংবাদ পোস্ট
  3. aktutul350@gmail.com : Aktutul :
  4. saimumsiam4@gmail.com : Saimum Siam : Saimum Siam
  5. Sumonalilykhan@gmail.com : Sumona lily khan : Sumona lily khan
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন

ইলন মাস্কের সাথে ‘কেজ ফাইট’র জন্য ‘অধীর’ অপেক্ষায় জাকারবার্গ

সংবাদ পোস্ট
  • প্রকাশ কাল: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
  • ১২৮ জন দেখেছেন

মেটা এবং ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের সঙ্গে তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ী এবং আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম প্রধান ইলন মাস্কের ‘কেজ ফাইট’র খবর নিয়ে এখন গণমাধ্যম আর সামাজিক মাধ্যম সরগরম।

ইতোমধ্যে মার্ক জাকারবার্গ বলেছেন, ইলন মাস্কের সঙ্গে প্রস্তাবিত ‘কেজ ফাইট’ লড়ার জন্য তিনি অধীর হয়ে আছেন।

কেজ ফাইট এক ধরণের মিক্সড মার্শাল আর্টের প্রতিযোগিতা। এটি মূলত দুইজন খেলোয়াড়ের মধ্যে অনুষ্ঠিত হয়, যারা একটি অ্যালুমিনিয়াম বা ধাতব তারের তৈরি খাঁচার মধ্যে একটি নির্দিষ্ট সময় লড়াই করেন।

থ্রেডস সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জাকারবার্গ বলেছেন, ২৬ অগাস্ট ওই লড়াই আয়োজনের জন্য তিনি প্রস্তাব করেছেন।

অন্যদিকে, এক্স, যা আগে টুইটার নামে পরিচিত ছিল, সেখানে দেয়া পোস্টে ইলন মাস্ক দাবি করেছেন, “তিনি এজন্য সারাদিন ধরে প্রশিক্ষণ নিচ্ছেন”।

জবাবে জাকারবার্গ আবার লিখেছেন, “আমি আজকে থেকেই প্রস্তুত…কিন্তু তিনি (মাস্ক) তো নিশ্চিত করেননি।”

জুলাই মাসে থ্রেডস চালু হওয়ার পর সামাজিক মাধ্যমের এই দুই শীর্ষ ব্যক্তিত্বের সরাসরি লড়াইয়ের ঘোষণা এসেছে।

একজন থ্রেডস ব্যবহারকারী জানতে চেয়েছিলেন যে, আপোষের মাধ্যমে তাদের এই লড়াই হতে যাচ্ছে কিনা? জাকারবার্গ উত্তর দিয়েছেন, “এটা অনেকটা বিনিয়োগ নিশ্চিত করার মতো একটি ব্যাপার”।

এর আগে ২০১৮ সালে যখন বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান টেসলাকে নিজের নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা প্রকাশের সময় ঠিক এই মন্তব্যই করেছিলেন মাস্ক। যদিও ওই পরিকল্পনা শেষ পর্যন্ত আলোর মুখে দেখেনি।

তবে এরকম ঘোষণা দেয়ার জন্য যুক্তরাষ্ট্রের বাজার ব্যবস্থাপনা তদারকি প্রতিষ্ঠানকে ২০ মিলিয়ন ডলার জরিমানা দিতে হয়েছে মাস্ককে।

সেই সঙ্গে তাকে টেসলার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়াতে হয়। টেসলা সম্পর্কে তিনি কতটা মন্তব্য করতে পারবেন বা টুইট করতে পারবেন, সেই সীমাও বেধে দেয়া হয়। তবে, দিনতারিখ নিয়ে জল্পনা আরো উস্কে দিয়েছেন মাস্ক।

তিনি বলেছেন, “নির্দিষ্ট দিনক্ষণের এখনো সময় আছে”। এর মধ্যে মাস্কের গলা এবং পিঠের উপরিভাগে সার্জারি হওয়ার কথা রয়েছে।

গত কয়েক মাস ধরেই সামাজিক যোগাযোগ মাধ্যমের দুই শীর্ষ ব্যবসায়ী একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ ছুড়ে যাচ্ছেন।

রবিবার ইলন মাস্ক দাবি করেছেন যে, তাদের লড়াই ‘এক্সে’ সরাসরি সম্প্রচার করা হবে। তিনি জানিয়েছেন, এই লড়াই থেকে যে অর্থ আয় হবে, তা প্রবীণদের দাতব্য সংস্থাগুলোয় দেয়া হবে।

এক্সের একজন ব্যবহারকারী ইলন মাস্কের কাছে প্রশ্ন করেছিলেন, এ লড়াই থেকে আসলে কী প্রাপ্তি হবে?

উত্তরে তিনি বলেছেন, “এটা হচ্ছে যুদ্ধের একটি সভ্য রূপ। পুরুষরা যুদ্ধ পছন্দ করে।”

কিন্তু লড়াইটি এক্সে সরাসরি সম্প্রচারের ঘোষণা শুনে মার্ক জাকারবার্গ পাল্টা আক্রমণ করেছেন। এক পোস্টে তিনি লিখেছেন, “এটা কি আরও নির্ভরযোগ্য কোন প্ল্যাটফর্মে প্রচার করা উচিত না, যারা সত্যিকারভাবে দাতব্য সংস্থার জন্য অর্থ উত্তোলন করতে পারবে?”

এই লড়াই মেটার জন্য বেশি লাভজনক বলে মনে করা হচ্ছে। এই মূহুর্তে ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মালিক মেটা।

গত জুলাই মাস থেকে তারা থ্রেডস নামে আরেকটি সামাজিক মাধ্যম চালু করেছে, যেখানে কয়েকদিনের মধ্যে ১০ কোটির বেশি একাউন্ট খোলা হয়েছে।

তবে, জাকারবার্গ পরে জানিয়েছেন যে, জুলাই মাসের শেষ নাগাদ ব্যবহারকারীদের অর্ধেকই বেরিয়ে গেছে।

অন্যদিকে, মাস্ক মালিকানা নেয়ার পর নানা সমালোচনার মুখে পড়েছে এক্স। তিনি প্রতিষ্ঠানটিতে বেশ কিছু বড় পরিবর্তন এনেছেন, যার মধ্যে অন্যতম হলো, কারও পোস্ট দেখতে হলে ব্যবহারকারীদের লগইন করতে হবে, যা আগে ছিল না। এছাড়া কোম্পানিতে অনেক কর্মীও ছাঁটাই করা হয়েছে।

গত জুন মাসে একটি পোস্টে ইলন মাস্ক প্রথম দাবি করেন, “তিনি কেজ ফাইট বা মল্লযুদ্ধ করতে চান।” এরকম লড়াইয়ের ক্ষেত্রে সাধারণত কিছু নিয়মনীতি অনুসরণ করতে হয়।

ওই পোস্টের একটি স্ক্রিনশট শেয়ার করে মার্ক জাকারবার্গ পাল্টা জবাব দেন, “আমাকে ঠিকানা পাঠিয়ে দাও”। জবাবে মাস্ক আবার লেখেন, “ভেগাস অক্টাগন”।

ভেগাস অক্টাগন নেভাডার লাসভেগাসে অবস্থিত একটি গ্রাউন্ড, যেখানে আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ হয়ে থাকে।

৫২ বছর বয়সী ইলন মাস্ক আরও লিখেছেন, “দা ওয়ালরাস নামে একটা দুর্দান্ত কৌশল জানি আমি, যার মাধ্যমে আমি প্রতিপক্ষকে কাবু করে ফেলতে পারি।”

ওয়ালরাস হচ্ছে উত্তর মেরুর এক স্তন্যপায়ী প্রাণী, অনেকটা সিলের মতো দেখতে হয় এটি। পরে ইলন মাস্ক ওয়ালরাসের একটি ভিডিও টুইট করেন। হয়তো তিনি মনে ভেবেছিলেন, তার চ্যালেঞ্জের বিষয়টি ফেসবুকের বড় কর্তা অতটা গুরুত্ব দেননি।

তবে মার্ক জাকারবার্গ মার্শাল আর্টের বড় অনুরাগী। রবিবার তিনি বলেছেন, “আমি এই খেলাটা পছন্দ করি এবং এখানে যাই ঘটুক না কেন, প্রশিক্ষিত লোকজনের সাথে আমি খেলাটা চালিয়ে যাবো।”

সূত্র : বিবিসি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
Sangbadpost © All rights reserved 2026
Theme Designed BY Kh Raad ( Frilix Group )