রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবার রহমানকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) রাতে উপজেলার পায়রাবন্দ বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, হারুন মিয়া নামে এক যুবক চেয়ারম্যান মাহবুবার রহমানের ওপর হামলা চালিয়ে মাছ কাটার বটি দিয়ে গলায় আঘাত করেন। গুরুতর অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জানা গেছে, ইউপি চেয়ারম্যান মাহবুবার রহমান রংপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমির। আর হারুন মিয়া মাদকাসক্ত বলে জানিয়েছেন স্থানীয়রা।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত হারুনকে আটক করা হয়েছে।