লিওনেল মেসিকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনোরিস কউসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয়। ৬ অক্টোবর মনুমেন্টালে সম্মাননা দেওয়ার কথা।
লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি অনন্য অর্জন। আর্জেন্টিনার বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় (UBA) কিংবদন্তি এই ফুটবলারকে তাদের সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনোরিস কউসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
গত ৩০ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়টির উচ্চপর্ষদ সর্বসম্মতভাবে মেসিকে এই বিশেষ সম্মান দেওয়ার সিদ্ধান্ত অনুমোদন করে। ফুটবলে তাঁর অসাধারণ সাফল্যের পাশাপাশি অধ্যবসায়, বিনয়, নৈতিকতা এবং আর্জেন্টিনার জাতীয় পরিচয়ের অন্যতম প্রতীক হিসেবে তাঁর ভূমিকার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হবে ।
আগামী ৬ অক্টোবর বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জাতীয় দলের হয়ে মেসির বিদায়ী ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ বেনিন। ম্যাচের আগে বিশেষ আয়োজনে মেসির হাতে সম্মানসূচক ডক্টরেট তুলে দেওয়ার কথা রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সম্মান শুধু মেসির মাঠের সাফল্যের স্বীকৃতি নয়। তাঁর ব্যক্তিত্ব, অধ্যবসায়, পেশাদারিত্ব এবং বিশ্বজুড়ে মানুষের ওপর তাঁর ইতিবাচক প্রভাবও এই সিদ্ধান্তের পেছনে বিবেচনায় এসেছে।
ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় মেসির অর্জনের তালিকায় রয়েছে বিশ্বকাপ, কোপা আমেরিকা, একাধিক ব্যালন ডি’অরসহ অসংখ্য ব্যক্তিগত ও দলীয় পুরস্কার। এবার তাঁর সেই বর্ণাঢ্য ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে একাডেমিক অঙ্গনের বিরল ও মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি।