এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের ধর্মপাশায় নাশকতার অভিযোগ সন্দেহে ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি সহ ৯ জন বিএনপি নেতা কর্মীকে গ্রেফতার করেছে ধর্মপাশা থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মোতালিব খান,সহ-সভাপতি আব্দুল হক,উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী ব্যাপারী,যুগ্ম আহ্বায়ক সাইফুর রহমান কাঞ্চন,যুগ্ম আহ্বায়ক হাজী ইকবাল,যুগ্ম সম্পাদক হাফিজুল হক,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক উবাইদুর রহমান মজুমদার,উপজেলা যুবদলের সদস্য চন্দন খান,আল-আমীন।
ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ আহমেদ প্রথম আলো কে বলেন, উপজেলা বিএনপির কার্যালয়ের ভেতর ও কার্যালয়ের সামনে থেকে আজ বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি ও যুবদলের ৯ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁরা বিক্ষোভ মিছিল করে অস্থিতিশীল পরিবেশ তৈরি ও নাশকতার পরিকল্পনা করছিল। এ জন্য তাঁদের আটক করা হয়েছে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান প্রথম আলো কে বলেন, ‘আমরা সবকিছুই খতিয়ে দেখছি। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৯ নেতা-কর্মী আটক হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।’