সংবাদ পোস্ট ডেস্ক: রাজধানীর ইসিবি চত্বরের নিউগিনি প্রপার্টিজে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির বিরুদ্ধে করা ‘চাঁদাবাজির’ অভিযোগকে ঢালাও মন্তব্য বলে অভিহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিক তদন্তে সালমান মুক্তাদির ওই ঘটনার শিকার হয়েছেন বলে জানা গেছে।
সালমান মুক্তাদিরের বক্তব্য অনুযায়ী, শনিবার রাতে তাঁর স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে তিনি ভাঙচুরের ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করেন এবং এ ঘটনায় বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঘটনাস্থলে একটি বিরোধপূর্ণ জমি রয়েছে এবং জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে। তাঁর ভাষ্য অনুযায়ী, একটি পক্ষের হয়ে কয়েকজন সেখানে দখল নিতে গেলে ভাঙচুরের ঘটনা ঘটে। ওই ভাঙচুরের মধ্যে সালমান মুক্তাদিরের কনটেন্ট তৈরির স্থাপনাটিও ক্ষতিগ্রস্ত হয়।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, অভিযোগকারী এখন পর্যন্ত কোনো মামলা করেননি। তাঁর কাছে কেউ চাঁদা চেয়েছিল কি না, সে বিষয়েও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে উল্লেখ করে সালমান মুক্তাদিরের অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি একটি ঢালাও মন্তব্য। সালমান মুক্তাদির সুনির্দিষ্ট অভিযোগে মামলা করলে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।