জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষকে ঘিরে সরকারের নেওয়া উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি এটিকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রাণিসম্পদমন্ত্রীর ‘দূরদর্শী ও কৌশলী পদক্ষেপ’ বলে মন্তব্য করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, সরকারের এই উদ্যোগের মাধ্যমে বোঝা যাচ্ছে যে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, তারই ধারাবাহিকতায় ‘মহিষ ডিপ্লোম্যাসি’ শুরু হয়েছে।
তিনি আরও লেখেন, চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার অংশ হিসেবেই মহিষটিকে চিড়িয়াখানায় নিয়ে গিয়ে দেশবাসীকে প্রতিনিয়ত স্মরণ করিয়ে দেওয়ার একটি উদাহরণ তৈরি করা হয়েছে।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, এই উদ্যোগে পশুপ্রেমীদের মন জয় করা হয়েছে এবং দেশের চিড়িয়াখানাও সমৃদ্ধ হয়েছে। একই সঙ্গে এটি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ককে আরও টেকসই করবে বলেও তিনি মন্তব্য করেন।
পোস্টের শেষাংশে তিনি প্রাণী মন্ত্রণালয়ের উদ্যোগে সরকারি অর্থায়নে প্রতিটি ইউনিটে আনন্দ শোভাযাত্রা ও অভিনন্দন মিছিল আয়োজনের দাবি জানান।