সংবাদ পোস্ট | স্বাস্থ্য ডেস্ক
দেশে ডেঙ্গুর পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৯৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ৬ অক্টোবরের নিয়মিত ডেঙ্গু প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ৮৪ হাজার ২৯৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায়ই ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৯৬৪ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮১ জনে। সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়েছিল। অক্টোবরের শুরুতেও মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে।
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রামে ২৪২ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরে ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনায় ৩০২ জন, ময়মনসিংহে ৯৬ জন, রাজশাহীতে ১৯৯ জন, রংপুরে ৭৫ জন এবং সিলেটে ১৮ জন রয়েছেন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা ডেঙ্গুর বিস্তার ঠেকাতে মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি দ্রুত অপসারণের ওপর গুরুত্ব দিচ্ছেন। সাম্প্রতিক বৃষ্টি ও অনুকূল পরিবেশে এডিস মশার বংশবিস্তার বাড়ায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কা রয়েছে।