নিজস্ব প্রতিবেদক: দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে। একই সময়ে পরীক্ষায় আরও ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে নিশ্চিতভাবে হাম শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯১০ জনে।
নতুন করে মারা যাওয়া ছয়জনের মধ্যে ঢাকায় দুজন, চট্টগ্রামে দুজন, বরিশালে একজন এবং খুলনায় একজন ছিলেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ১৫ মার্চ থেকে ৬ অক্টোবর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জন হাসপাতালে এসেছে। তাঁদের মধ্যে ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন এবং ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
হামের উপসর্গজনিত মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ঢাকা বিভাগে—৪৬৮ জন। এরপর সিলেট বিভাগে ১৭৯, রাজশাহীতে ৯৩, চট্টগ্রামে ৯০, ময়মনসিংহে ৮০, বরিশালে ৬১, খুলনায় ৪৫ এবং রংপুরে ১৬ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতালে আসা বা ভর্তি হওয়া রোগীদের তথ্যের ভিত্তিতেই এই হিসাব করা হচ্ছে। ফলে হাসপাতালের বাইরে থাকা উপসর্গের রোগীদের পূর্ণ সংখ্যা এই পরিসংখ্যানে অন্তর্ভুক্ত নয়।
সংবাদ পোস্ট | স্বাস্থ্য