নোয়াখালীতে বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দেবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ নিয়ে গত ৪দিন থেকে চলছে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংঘঠনের ব্যাপক প্রস্তুতি।
প্রিয় জাতীয় নেতা ওবায়দুল কাদেরের ছবি দিয়ে ব্যানার-পোস্টার ছেয়ে গেছে জেলা শহর মাইজদী প্রধান সড়কসহ বিভিন্ন উপজেলা। জাতীয় বীর মুক্তিযোদ্ধা এ নেতার নিজ জেলায় আগমনকে ঘিরে চলছে সাজ সাজ রব। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
আগামীকাল শনিবার নোয়াখালী জিলা স্কুল মাঠে বিকেল ৩টায় ওবায়দুল কাদের শান্তি ও উন্নয়নের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেলের নের্তৃত্বে জেলা আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সমাবেশকে সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।
ইতোমধ্যে প্রস্তুতি সভা, শান্তি ও উন্নয়নের মিছিল ও দলীয় নেতাকর্মীদের নিয়ে একাধিকবার বৈঠক করেছেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদ উল্যাহ খান সোহেল-জানান, সারাদেশে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জননেতা ওবায়দুল কাদের বক্তব্য রাখবেন এবং শান্তি ও উন্নয়নের ধারা অব্যাহত রেখে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান জানাবেন।
এর আগে কবিরহাট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শান্তি, উন্নয়ন ও সুধি সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। এছাড়া দুপরে জেলা পুলিশের উদ্যোগে ‘চেতনায় বঙ্গবন্ধু’ ম্যুরাল উদ্বোধনের কথা রয়েছে।