বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত শিনিচি সাইদা গাজীপুরের রাজাবাড়ীতে অবস্থিত ইয়ামাহা বাংলাদেশ কারখানা পরিদর্শন করেছেন। গত বৃহস্পতিবারের এই পরিদর্শনে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) এবং মিতসুই অ্যান্ড কোম্পানি লিমিটেডের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এসিআই মোটরসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশে ইয়ামাহার উৎপাদন কার্যক্রম, কারখানার অবকাঠামো ও স্থানীয় মোটরসাইকেল শিল্পে প্রতিষ্ঠানটির ভূমিকা সম্পর্কে প্রতিনিধিদলকে ধারণা দেওয়া হয়।
পরিদর্শনের সময় রাষ্ট্রদূত ও সফরসঙ্গীরা কারখানার উৎপাদন কার্যক্রম সরেজমিনে দেখেন। পাশাপাশি ইয়ামাহার উৎপাদনপ্রক্রিয়া, গুণগত মান ব্যবস্থাপনা এবং স্থানীয় উৎপাদনে জাপানি প্রযুক্তি ও দক্ষতার ব্যবহার সম্পর্কে তাঁদের অবহিত করা হয়।
এ সময় বাংলাদেশে এসিআই মোটরসের অধীনে ইয়ামাহার কার্যক্রম ও প্রতিষ্ঠানটির দীর্ঘ পথচলার বিভিন্ন দিকও তুলে ধরা হয়।
এসিআই মোটরসের প্রতিনিধিরা জানান, বাংলাদেশে ইয়ামাহার কার্যক্রম শুধু ব্যবসায়িক অংশীদারত্বের মধ্যে সীমাবদ্ধ নয়। জাপানি প্রযুক্তি, ব্যবস্থাপনা পদ্ধতি ও গুণগত মানের সঙ্গে বাংলাদেশের স্থানীয় দক্ষতা এবং বাজার সম্পর্কে জ্ঞানকে সমন্বয় করে শিল্পখাতে দীর্ঘমেয়াদি মূল্য তৈরির একটি উদ্যোগ হিসেবে তারা এটিকে দেখছেন।
কারখানা পরিদর্শনের মধ্য দিয়ে বাংলাদেশে ইয়ামাহার উৎপাদন সক্ষমতা এবং দেশের মোটরসাইকেল শিল্পে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্পর্কে জাপানি প্রতিনিধিদের সরাসরি ধারণা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে।