বাংলাদেশে রাজনীতিক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে শিলিগুড়ি সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিং এ অভিযোগ দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ভারতের সাংবিধানিক কাঠামো ও রাষ্ট্রীয় মর্যাদার পরিপন্থী এবং তা ভারত ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অভিযোগপত্রে বলা হয়েছে, গত ২ জুন কলকাতার রানি রাসমণি স্মারকে আয়োজিত এক রাজনৈতিক জনসভায় বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের রাজনীতিক শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় ভারত সরকার ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্পৃক্ততার ইঙ্গিত দেন।
অভিযোগকারী আইনজীবী রিংকু চট্টোপাধ্যায় সিংয়ের ভাষ্য, কোনো প্রমাণ ছাড়াই এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে। পাশাপাশি এটি দুই প্রতিবেশী দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ানোর ঝুঁকি তৈরি করেছে বলেও তিনি অভিযোগ করেন।
লিখিত অভিযোগে আরও বলা হয়েছে, এ ধরনের বক্তব্য বাংলাদেশে বসবাসরত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার জন্যও উদ্বেগের কারণ হতে পারে। একই সঙ্গে ভারতের জাতীয় স্বার্থ ও জননিরাপত্তার ওপর এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কার কথাও উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সম্প্রতি কলকাতার ওয়াই চ্যানেলে অনুষ্ঠিত একটি বিক্ষোভ কর্মসূচিতেও মমতা বন্দ্যোপাধ্যায় এমন কিছু মন্তব্য করেছেন, যা ভারতের নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে।
এসব অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ১৫২, ১৫৩, ১৫৩এ, ১৯১, ১৯২, ১৯৬, ৩৫১, ৩৫২ ও ৩৫৩ ধারায় মামলা গ্রহণের আবেদন জানানো হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন, আগামী ৮ জুন আদালত খোলার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা দায়ের এবং তাঁর গ্রেপ্তারের আবেদন করা হবে।
এর আগে গত মঙ্গলবার এক রাজনৈতিক কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, সবটাই জানি।’
তবে এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।