আন্তজার্তিক ডেস্ক: মাওলানা তারিক জামিলের হৃদয়ের সন্তান হারানোর কষ্ট। পাকিস্তানের এই জনপ্রিয় ইসলামি আলোচক নিজে জানাজা পড়িয়ে ছেলেকে চিরবিদায় জানিয়েছেন।
সোমবার (৩০ অক্টোবর) জানাজা নামাজ শেষে নিজের পৈতৃক শহর তালামবাতে তারিক জামিলের ছেলে আসিম জামিলকে সমাহিত করা হয়।
জানাজা নামাজ শেষে তারিক জামিল বলেন, ‘তরুণ ছেলেকে হারানোর বেদনার ক্ষত দ্রুত সারবে না।’
জানা গেছে, তারিক জামিলের ছেলে বহু বছর ধরেই মানসিক সমস্যায় ভূগছিলেন। শেষে যন্ত্রণার সহ্য করতে না পেরে নিরাপত্তাকর্মীর কাজ থেকে পিস্তল নিয়ে নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করেন আসিম জামিল।
পরিবার সূত্রে জানা গেছে, আসিম জামিল ছোটবেলা থেকেই মানসিক রোগী ছিলেন। গত ছয় মাসে অসুস্থতা বেড়ে যাওয়ার কারণে তাকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছিল, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। সোমবার সে একাই বাড়িতে ছিল, এ সময় কষ্ট ও যন্ত্রণা সহ্য করতে না পেরে বাসার বাইরে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীর কাছ থেকে বন্দুক নিয়ে নিজেই নিজেকে গুলি করে।
এদিকে এক বিবৃতিতে মুলতানের আঞ্চলিক পুলিশ অফিসার (আরপিও) ক্যাপ্টেন (অব.) সোহেল চৌধুরী বলেন, বিভাগীয় পুলিশ কর্মকর্তা একটি সিসিটিভির ফুটেজ দেখেছেন। এতে দেখা গেছে, আসিম জামিল আত্মহত্যা করছেন।