প্রায় চার ঘণ্টা পার হলেও এখনো নিয়ন্ত্রণে আসেনি রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের আগুন। সর্বশেষ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে পৌনে ৮টা পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়।
বুধবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস। এরপর মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
রাশেদ খালেদ জানান, বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। ঘটনাস্থলে পানির সংকট দেখা দেয়ায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।
ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, রাত পৌনে ৪টায় আগুনের সংবাদ পেয়েই ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় ফায়ার সার্ভিসের গাড়ি। প্রথমে ৭টি ইউনিট কাজ করলেও আগুনের তীব্রতা বাড়ায় ইউনিট বাড়িয়ে দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।