বরগুনা পৌর মাছ বাজারে ২ কেজি ১২ গ্রামের একটি রুপালি ইলিশ মাছের দাম হাঁকানো হচ্ছে ৯ হাজার টাকা। মাছটি বরগুনার স্থানীয় নদী বিষখালী থেকে ধরেছেন জেলেরা।
শনিবার সন্ধ্যায় বিষখালী নদীর ঢলুয়া ইউনিয়নের চলাভাঙা এলাকার জেলে মাসুদ আহম্মেদের জালে ধরা পড়েছে বলে জানান মাছ ব্যবসায়ীরা।
জেলে মাসুদ আহম্মেদ জানান, প্রতিদিনের মতো সদর উপজেলার ৭ নম্বর ঢলুয়া ইউনিয়নের চলাভাঙা বিষখালী নদীর অংশে ইলিশের জাল ফেলে আসেন তিনি। সন্ধ্যায় স্বাভাবিক নিয়মে জাল টেনে উঠানোর পর দেখতে পান একটি বড় ইলিশসহ পাঁচটি ইলিশ তার জালে আটকা পড়েছে। পরিবারের জন্য একটি ইলিশ রেখে বাকি চারটি ইলিশ বাজারে নিয়ে আসেন। বাজারে পাইকারি ব্যবসায়ীদের মাধ্যমে নিলাম হয় মাছের।
খুচরা মাছ বিক্রেতা মো. আবুল হোসেন বলেন, ২ কেজি ১২ গ্রাম ওজনের ইলিশ মাছটির দাম হাঁকিয়েছি ৯ হাজার টাকা। বাজারে বড় মাছের ক্রেতা কম, তাই দাম ৯ হাজারের একটু কম হলেও মাছটি বিক্রি করব।
মাছ কিনতে আসা ক্রেতা সুমাইয়া অমি বলেন, বাজারে ইলিশ মাছ কিনতে এসেছিলাম, এই সময়ে ইলিশের দাম কম থাকার কথা। কিন্তু দাম অনেক বেশি। ৫০০ গ্রাম ওজনের ইলিশের প্রতিকেজি দাম ৬০০ টাকা। ৮০০ গ্রাম থেকে ১ কেজির ইলিশের দাম ১২০০ থেকে ১৫০০ টাকা পর্যন্ত চাচ্ছে। এখন ইলিশের মৌসুমে গত বছরের তুলনায় দাম প্রায় দ্বিগুণ।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর প্রকৃতিক দুর্যোগের কারণে জেলেরা সাগরে কম মাছ ধরলেও নদীতে মাঝে মাঝে বড় সাইজের ইলিশ মাছ ধরা পড়ছে। গত বছরের তুলনায় ইলিশ উৎপাদন বৃদ্ধি পেয়েছে। মাছের দাম বেশি থাকায় জেলেরা মোটামুটি লাভবান হচ্ছে।