নরসিংদীর পলাশে পুকুরে বিষ ঢেলে দুর্বৃত্তরা কয়েক লাখ টাকার মাছ নিধন করেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল থেকে পুকুরে মাছ ভেসে উঠতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে মৃত মাছ ভেসে উঠার সংখ্যাও বাড়তে থাকে।
জেলার পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও মৎসচাষী মো. কিরন আলী প্রধানের পুকুরে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, কিরন আলী প্রধান তার নিজ বাড়ির পার্শ্ববর্তী প্রায় ৭০ শতক জমিতে কৈ মাছের চাষ করেছেন। বৃহস্পতিবার রাতে বা শুক্রবার ভোরের কোনো এক সময় তার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। সকালে পুকুরে মাছ মরে ভেসে উঠতে থাকে। একপর্যায়ে পুকুরের সব মাছ মরে ভেসে ওঠে।
মৎস্য চাষী কিরন আলী প্রধান বলেন, পুকুরে তিন মাস আগে দুই লাখ কৈ মাছ ছেড়েছি। এই সময়ে প্রায় সাড়ে ১২ টন খাবার মাছগুলোকে খাইয়েছি। আমার এই পুকুরে ১০ টন মাছ ছিল। গেল রাতে পুকুরে কে বা কারা বিষ ঢেলে দিয়েছে। এতে সব মাছ মরে ভেসে উঠেছে।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, এ ঘটনার বিষয়ে আমাকে জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে পলাশ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এ বিষয়টি জানার পর আমি ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে গিয়ে বিস্তারিত জানা যাবে।