নাহিদুজ্জামান, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে রিয়াদুজ্জামান রিয়াদ (১৯) নামের এক ভুয়া সেনা সদস্যকে আটক করেছে স্থানীয় জনগণ। পরে তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
মঙ্গলবার (১৩ জুন) রাত ১০টায় উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর চিলাপাক উচ্চ বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক হওয়া রিয়াদুজ্জামান রহিমাপুর মাস্টারপাড়া এলাকার নুরুন্নবী সরকার বাচ্চুর ছেলে। আটককালে তার কাছ থেকে সেনাবাহিনীর পরিহিত শার্ট , প্যান্ট , পিটি সু , ব্যাগ ,ভুয়া পরিচয় পত্র, যৌন উত্তেজক ট্যাবলেট পাওয়া যায় ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ৯ টার দিকে সেনাবাহিনীর ড্রেস পরিহিত অবস্হায় রিয়াদুজ্জামান রিয়াদ নামের ওই প্রতারক চিলাপাক উচ্চ বিদ্যালয় মাঠে বসে থাকা স্থানীয় কিছু লোকজনকে অনলাইন জুয়া খেলার বিষয়ে ভয় দেখিয়ে স্মার্ট মোবাইল কেড়ে নেয় । অতঃপর তাদের মোবাইলের বৈধ কাগজপত্র আনতে বলে পালানোর চেষ্টা করে। কিন্তু লোকজন বুঝতে পেরে তাকে আটক করে একটি গোডাউনে ঢুকিয়ে রাখে । খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে ।
তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আসামি নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করছিল । অসৎ উদ্দেশ্যে সরকারি কর্মচারীর পোশাক পরিধান করে ভুয়া সরকারি কর্মচারী বলে পরিচয় দেওয়ার অপরাধে তার বিরুদ্ধে মামলা হয় । তাকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।