রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক, ভাষাসৈনিক এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মীর আনিসুল হক পেয়ারার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল করেছে মহানগর আওয়ামী লীগ।
শুক্রবার (২ জুন) সন্ধ্যায় মহানগর আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গনে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের আহ্বায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মাজেদ আলী বাবুল,মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি সাফিয়ার রহমান সফি,সাবেক সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি সুমনা আক্তার লিলি সহ মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত,১৯৩৬ সালের ১৩ ফেব্রুয়ারি জন্ম নেন আনিসুল হক পেয়ারা। তিনি বায়ান্নর ভাষা আন্দোলনে সক্রিয় ছিলেন। এ কারণে ৫২’র পরে তার বিরুদ্ধে হুলিয়া জারি হয়েছিল। দীর্ঘদিন তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল। পলাতক থাকায় ১৯৫৪ সালে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি। পরে ১৯৫৫ সালে পরীক্ষায় অংশ নেন। ১৯৫৬ সালে আবার তাকে পালাতে হয়।
১৯৬১ সালে মাহিগঞ্জ আফানউল্ল্যাহ উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন আনিসুল হক পেয়ারা। এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ৬৬’র ছয় দফা আন্দোলনের সময় দুই মাস কারাগারে ছিলেন। একাত্তরে স্বাধীনতা যুদ্ধে তিনি সম্মুখ যুদ্ধে অংশ নিয়েছিলেন।