প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের জাতীয় বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ। একই সঙ্গে বাজেট পেশের পর রাজধানীতে আনন্দ শোভাযাত্রা ও মিছিল-সমাবেশ করেছে ক্ষমতাসীন দল ও এর সহযোগী-ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত বাজেট প্রতিক্রিয়ায় এ স্বাগত জানান আওয়ামী লীগ নেতারা।
অন্যদিকে বাজেট উত্থাপনের পরপরই বিকেলে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানা-ওয়ার্ডে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করে দলের সর্বস্তরের নেতাকর্মীরা।
কোথাও কোথাও মিষ্টিও বিতরণ করা হয়। সংসদ থেকে বের হয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, ২০২৩-২৪ অর্থবছরের বাজেট জনবান্ধব। এই বাজেটকে জনবান্ধব এ জন্য বলেছি যে, সাধারণ মানুষের কথা মাথায় রেখে বাজেটটা প্রণীত হয়েছে। এই বাজেটটা এমনভাবে করা হয়েছে, যেন মানুষের কষ্টটা লাঘব হবে। দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।