জ্যেষ্ঠ ব্যাংকার মোহাম্মদ আবু জাফর ন্যাশনাল ব্যাংক পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন। গত ২০ সেপ্টেম্বর তিনি ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ন্যাশনাল ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ব্যাংকিং খাতে মোহাম্মদ আবু জাফরের প্রায় ৩৬ বছরের পেশাগত অভিজ্ঞতা রয়েছে। ন্যাশনাল ব্যাংকে যোগ দেওয়ার আগে তিনি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ও চিফ বিজনেস অফিসার হিসেবেও কাজ করেছেন তিনি।
এ ছাড়া ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন আবু জাফর। ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়।
দীর্ঘ কর্মজীবনে তিনি ব্যাংকিং খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করেছেন। এর মধ্যে ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিং উল্লেখযোগ্য।
মোহাম্মদ আবু জাফর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।