দেশের সার্বিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল থাকায় সেনাসদস্যরা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন বলে জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাস-এ বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের প্রয়োজনে ২০২৪ সালে সেনাবাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেছেন এবং সেই অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
তিনি আরও বলেন, গত ১৮ মাস মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেও সেনাসদস্যরা ফায়ারিং প্রতিযোগিতায় যে দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয় এবং অভূতপূর্ব।
অনুষ্ঠানে বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেন সেনাপ্রধান।
গত ১৬ মে শুরু হওয়া এ প্রতিযোগিতার আয়োজন করে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশন। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানার্সআপ হয় প্যারা কমান্ডো ব্রিগেড।
অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দি অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়ার এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও সিলেট এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর এবং বিভিন্ন ফরমেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।