নীলফামারীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার জেলার সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
সোমবার সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমানের স্বাক্ষরিত এক আদেশ জারি করেন।
আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক ও আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া তথ্যানুযায়ী ২২ ও ২৩ জানুয়ারি নীলফামারীর তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রির নিচে। ফলে এ দুই দিন জেলার সব মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো।
নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এমএ শাহাজাহান সিদ্দিকী জানান, জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে দুদিন। আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।
ডিমলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সবুর বলেন, ১৮ জানুয়ারি ডিমলার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর পর আজ সোমবার সকাল ৬টায় চলতি মৌসুমের দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।