আন্তর্জাতিক ডেস্ক: নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্র গাজায় যেই ‘মানবিক বিরতি’র পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে, তা ‘যুদ্ধবিরতির’ মতো নয় বলে উল্লেখ করেছেন কূটনীতিকরা। তারা বলছেন, এ ধরনের বিরতি মাত্র কয়েক ঘণ্টার জন্য স্থায়ী হতে পারে; কূটনীতিকদের এমন মতামতকে সমর্থন করেছেন জাতিসংঘের মহাসচিবও।
ফিলিস্তিনি ছিটমহল গাজায় মানবিক সংকট বাড়তে থাকলেও ইসরায়েল-হামাস সংঘর্ষ বন্ধে পদক্ষেপ নিতে আবারও ব্যর্থ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
গাজায় মানবিক সহায়তা পৌঁছানো, বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং গাজা উপত্যকায় হামাসসহ অন্যান্য সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা বন্ধে শনিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘মানবিক বিরতির’ আহ্বান জানিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তবে বুধবার (২৫ অক্টোবর) সে প্রস্তাবের বিপক্ষে ভোট (ভেটো) দিয়েছে নিরাপত্তা পরিষদের দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন। ফলে চলমান হামাস-ইসরায়েল সংঘাতের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আরও একবার ব্যর্থ হলো জাতিসংঘ।
যুক্তরাষ্ট্রের প্রস্তাব ব্যর্থ হওয়ার পর রাশিয়া উত্থাপিত মানবিক যুদ্ধবিরতির আরেকটি প্রস্তাবে ভোট অনুষ্ঠিত হয়। সেই প্রস্তাবও নিরাপত্তা পরিষদে পর্যাপ্ত সমর্থন অর্জনে ব্যর্থ হয়েছে।
রাশিয়া ও চীনের ভেটোকে ‘হতাশাজনক’ উল্লেখ করে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড বলেন, “আমরা আপনাদের সকলের কথা শুনেছি। যদিও আজকের ভোট ছিল একটি ধাক্কা; তবে আমাদের বিচলিত হওয়া উচিত নয়।”
১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে মার্কিন প্রস্তাবের পক্ষে ১০ সদদ্যের ভোট পড়ে। সংযুক্ত আরব আমিরাত না ভোট দেয় এবং ব্রাজিল ও মোজাম্বিক ভোট দেওয়া থেকে বিরত থাকে।
এদিকে, নিরাপত্তা পরিষদকে যুক্তরাষ্ট্র গাজায় যেই ‘হিউম্যানিটেরিয়ান পজ’ বা মানবিক বিরতির পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিয়েছে, তা ‘যুদ্ধবিরতির’ মতো নয় বলে উল্লেখ করেছেন কূটনীতিকরা। তারা বলছেন, এ ধরনের বিরতি মাত্র কয়েক ঘণ্টার জন্য স্থায়ী হতে পারে; কূটনীতিকদের এমন মতামতকে সমর্থন করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও।
ভোটের পর পরিষদে বক্তব্য দেওয়ার সময় জাতিসংঘে চীনের রাষ্ট্রদূত ঝাং জুন বলেন, “খসড়াটি (মার্কিন প্রস্তাব) যুদ্ধবিরতি বা যুদ্ধ অবসানের জন্য কোনো শক্তিশালী আহ্বানের প্রতিফল করে না; এটি সমস্যা সমাধানেও সহায়ক নয়। এই মুহূর্তে, যুদ্ধবিরতি কেবল একটি কূটনৈতিক শব্দ নয়, বরং এরসঙ্গে অনেক বেসামরিক নাগরিকের জীবন ও মৃত্যু জড়িত।”
মার্কিন প্রস্তাব ব্যর্থ হওয়ার পর পরিষদে রুশ প্রস্তাবের ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ওই প্রস্তাবে মানবিক যুদ্ধবিরতি এবং স্থল হামলার উদ্দেশ্যে গাজার বেসামরিক নাগরিকদের দক্ষিণে চলে যাওয়ার ইসরায়েলি আদেশ প্রত্যাহারের আহ্বান জানায় রাশিয়া।
কিন্তু এই প্রস্তাবের পক্ষে ভোট পড়ে মাত্র ৪টি। এর মাধ্যমে হামাস-ইসরায়েল সংঘাত বন্ধে নিরাপত্তা পরিষদে রাশিয়ার আনা দ্বিতীয় প্রস্তাবটিও ব্যর্থ হয়।