ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে ছাত্রলীগের ছাত্র সমাবেশ। বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে।
তবে সকাল থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রবেশ করতে দেখা যায়। বেলা সাড়ে ১২টার দিকে রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ ও সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপল এর নেতৃত্বে কয়েক হাজার শিক্ষার্থী কালী মন্দিরের গেট দিয়ে উদ্যানে প্রবেশ করেন। এ ছাড়াও ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা, মহানগর,উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরাও ছোট ছোট মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ করছেন।
বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভাপতিত্ব করবেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।
রংপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম আহসান চপল বলেন,আজ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজন করেছে স্মরণকালের সর্ববৃহৎ ছাত্রসমাবেশ।”টেক ব্যাক” নাকি “মুভ ফরোয়ার্ড” বাংলাদেশ আসলে কোন পথে যাবে এই মহাসমাবেশে সেই রায় দিবে সারা বাংলার ছাত্রসমাজ।বাংলাদেশ ছাত্রলীগকে রংপুর জেলা ছাত্রলীগ কথা দিয়েছিল এক হাজার শিক্ষার্থী নিয়ে রংপুর জেলা ছাত্রলীগ এই মহাসমাবেশে অংশগ্রহণ করবে।আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে সেটি যে কয়েক হাজার শিক্ষার্থীর মহাসমাগম হবে সেই বার্তায় রংপুর জেলা ছাত্রলীগ বিশ্বাস করে বাংলাদেশের ছাত্রসমাজের রায় হবে একমাত্র দেশরত্ন শেখ হাসিনার পক্ষে।স্মার্ট বাংলাদেশের পক্ষে।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগের লাখো নেতাকর্মী বৃষ্টি উপেক্ষা করে সমাবেশে যোগ দিয়েছেন। বিএনপির মতো সন্ত্রাসী দলকে মোকাবিলা করতে ছাত্রলীগের নেতাকর্মীরাই যে যথেষ্ট তাঁর জানান দিচ্ছে আজকের সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা।