সারাদেশে চলমান বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে পারে। একই সাথে বাড়তে পারে দিনের তাপমাত্রা। বুধবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোঃ ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন।
পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
একইসাথে এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী দুই দিনে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে।
এতে আরও বলা হয়, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারী অবস্থায় রয়েছে। এই মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।
পূর্বাভাসে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় খুলনার কুমারখালীতে সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। তবে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রংপুর অঞ্চলে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীর বদলগাছীতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে কম ছিল চট্টগ্রামের কুতুবদিয়ায় ২৪ ডিগ্রি সেলসিয়াস।