পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান আলোচিত তোশাখানা মামলায় নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন। ইমরানের আইনজীবী নাঈম পাঞ্জুথা রয়টার্সকে নিশ্চিত করেছেন এ তথ্য।
পাঞ্জুথা জানিয়েছেন, সোমবার হাইকোর্টে আপিল করেছেন তারা এবং আগামী বুধবার সেই আপিলের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রীয় উপহার কেনাবেচাসংক্রান্ত (তোশাখানা) দুর্নীতি মামলায় গত শনিবার ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। সাজা ঘোষণার পর এদিনই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে পাঞ্জাবের অ্যাটক কারাগারে পাঠানো হয়। অ্যাটক কারাগারটির কুখ্যাতি রয়েছে। এখানে থাকা বন্দীদের মধ্যে বিচারে দোষী সাব্যস্ত হওয়া জঙ্গিও আছে।