রংপুরের কাউনিয়া-পীরগাছা উপজেলা নিয়ে গঠিত রংপুর-৪ আসন। এ আসনটিতে এবার নৌকার প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম কিনলেন কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আ. লীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ।
সোমবার (২০ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ আসন থেকে বর্তমান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি, অ্যাড. রফিক হাছনাইন, মাজেদ আলী বাবলু, আনোয়ারুল ইসলাম মায়া ও ব্যারিস্টার আনোয়ার হোসেনও দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
মনোয়ারুল ইসলাম মাসুদ বলেন, আমার বেড়ে ওঠা এই পীরগাছার মাটিতে। পীরগাছা ও কাউনিয়ার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আমি আমার রাজনৈতিক জীবনে সবসময় চেষ্টা করেছি এই দুই উপজেলার জনগণের পাশে থাকার। সুখে দুঃখে, বিপদে-আপদে এখনও এলাকার মানুষের পাশে আছি। অর্থের অভাবে যারা পড়তে পারছে না, স্কুলে ভর্তি হতে পারছে না, এরকম বহু পরিবারকে প্রতিনিয়ত সাহায্য করে আসছি। বিগত দিনের সকল ত্যাগ-তিতীক্ষা, শ্রম আর কাজের ওপর ভিত্তি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী যদি এই আসনে আমাকে প্রার্থী হিসেবে বিবেচনা করেন তাহলে রংপুর-৪ আসন প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব। প্রধানমন্ত্রীর উন্নয়ন-অগ্রযাত্রার অংশীদার হতেই নৌকা প্রতীকের প্রার্থী হতে চান তিনি।
মনোয়ারুল ইসলাম মাসুদ ১৯৮২ সালের ১২ আগস্ট রংপুরের পীরগাছা উপজেলার গুয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সহিদুল ইসলাম। মাসুদ ২০০৪-২০০৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০০৬-২০১১ সালে ঢাকার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ২০১১-২০১৫ বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি, ২০১৪ সালে বাংলাদেশ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ২০১৫ থেকে ২০২১ সালে বাংলাদেশ আওয়ামী লীগ কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্যের দায়িত্ব পালন করেছেন।