ঢাকা শহরের তাপমাত্রা কমানোর উদ্যোগ হিসেবে দুই বছরে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
বুধবার (০৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এ আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে উত্তর সিটি ও ফাউন্ডেশনটি যৌথভাবে কাজ করবে। এ কার্যক্রম পরিচালনার জন্য বুশরা আফরিনকে উত্তর সিটি করপোরেশনের ‘চিফ হিট অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে। এর মাধ্যমে ঢাকা উত্তর সিটিতে এশিয়ার প্রথম শহর হিসেবে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়।
সিএইচও বুশরা আফরিন প্রচণ্ড গরমের মধ্যে ঢাকা উত্তরকে নিরাপদ করার জন্য নেতৃত্বে দেবেন। এছাড়া তিনি তাপমাত্রা কমাতে শহরব্যাপী নানা কর্মসূচি বাস্তবায়ন করবেন। ঢাকা উত্তরের জনগণের মধ্যে তাপ সচেতনতা বাড়ানো, সুরক্ষা প্রচেষ্টা ত্বরান্বিতকরাসহ নতুন নতুন কাজ করবেন।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আজ আমার শহরের জন্য একটি বিশেষ দিন। শহরের তাপমাত্রা কমাতে ডিএনসিসির সঙ্গে আর্শট-রক ফাউন্ডেশন যৌথভাবে কাজ করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের জন্য একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে। তিনি আর্শট-রকের সহযোগিতায় শহরের তাপমাত্রা কমাতে নানা কর্মসূচি গ্রহণ করবেন।
তিনি বলেন, ঢাকা শহরের তাপমাত্রা প্রতিনিয়ত বাড়ছে। তীব্র তাপপ্রবাহের ফলে শহরের মানুষের জীবন ও জীবিকা আজ হুমকিতে। মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে, স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা কমে যাওয়ায় আর্থিক ক্ষতি হচ্ছে। আমি আশা করছি, ডিএনসিসি ও আর্শট-রকের যৌথ উদ্যোগ তাপমাত্রা কমানোর মাধ্যমে একটি নিরাপদ ও শীতল ঢাকা গড়তে সক্ষম হবে।
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমি কাউন্সিলরসহ সব কমিউনিটির সহযোগিতায় গাছগুলো লাগাতে চাই। গাছগুলো বেড়ে উঠার ক্ষেত্রে আমি নগরবাসীর সাহায্য চাই, মহল্লার সাহায্য চাই, স্কুল-বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, মসজিদের ইমামসহ সবার সাহায্য চাই। কারণ গাছগুলো লাগানোর পর তা যেন কেউ ভেঙে না দেয়। গাছগুলোর যেন যত্ন করি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদ হিসেবে গড়ে তুলি।
তিনি বলেন, এজন্য জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোসহ নানা কর্মসূচি নেওয়া হবে। এরইমধ্যে প্রকৃতিবান্ধব কিছু কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, আমরা ছাদ বাগান উৎসাহিত করেছি। ঢাকা শহরে বিদ্যুৎ সাশ্রয়ী ৪৯ হাজার এলইডি লাইট বসানো হয়েছে। ২৯টি খাল দখলমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়াও লাউতলা খাল দখলমুক্ত করে দু-পাশে দুই হাজার গাছ লাগানো হয়েছে। কালশীতে ১৮ বিঘা জমি উদ্ধার করে সেখানে উন্মুক্ত পার্ক করার উদ্যোগ নেওয়া হয়েছে। মিরপুরে শিশুবান্ধব উন্মুক্ত গণপরিসর গড়ে তুলেছি। আর্শট-রকের গবেষণায় উঠে এসেছে ২০৫০ সালের মধ্যে তাপপ্রবাহ বিশ্বব্যাপী প্রায় ৩.৫ বিলিয়নের বেশি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলবে। এর মধ্যে অর্ধেকের বেশি শহরে বসবাসকারী মানুষ। তীব্র তাপপ্রবাহ শহরগুলোর জন্য বেশি বিপদ জনক এবং প্রতি বছর শহরে ক্রমাগত ঝুঁকি বেড়েই চলেছে। ঘন বসতিপূর্ণ হওয়ায় ঢাকা শহর তাপপ্রবাহের ফলে বেশি ঝুঁকিপূর্ণ। পাশের গ্রাম অঞ্চলের তুলনায় ঢাকা উত্তরের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ চরম তাপ পরিস্থিতি নগরবাসীর জীবনকে হুমকির মুখে ফেলছে এবং শহরের বার্ষিক উৎপাদনের প্রায় আট শতাংশেরও বেশি শ্রম উৎপাদনশীলতা কমছে। ২০৫০ সাল নাগাদ গরম দ্বিগুণ হওয়ার অনুমান করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে নারী ও শিশুদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।
আর্শট-রকের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড বলেন, তীব্র তাপপ্রবাহ সারা বিশ্বের শহরগুলোতে একটি প্রেসার কুকারের মতো কাজ করছে ও ঢাকার উত্তরে জনসংখ্যা বেশি হওয়ায় এখানে ঝুঁকি আরও বেশি। তাই ঢাকা উত্তরে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এ শহরে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে।
তিনি বলেন, আমি বিশ্বাস করি বুশরা আফরিনের ভূমিকা সমগ্র দক্ষিণ এশিয়ায় শহরগুলোর জন্য একটি রোল মডেল হিসেবে কাজ করবে। আর্শট-রকের গবেষণায় উঠে এসেছে ২০৫০ সালের মধ্যে তাপপ্রবাহ বিশ্বব্যাপী প্রায় ৩.৫ বিলিয়নের বেশি মানুষের জীবন ও জীবিকায় মারাত্মক প্রভাব ফেলবে। এর মধ্যে অর্ধেকের বেশি শহরে বসবাসকারী মানুষ। তীব্র তাপপ্রবাহ শহরগুলোর জন্য বেশি বিপদ জনক এবং প্রতি বছর শহরে ক্রমাগত ঝুঁকি বেড়েই চলেছে। ঘনবসতিপূর্ণ হওয়ায় ঢাকা শহর তাপপ্রবাহের ফলে বেশি ঝুঁকিপূর্ণ। পাশের গ্রাম অঞ্চলের তুলনায় ঢাকা উত্তরের তাপমাত্রা প্রায় ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি। এ চরম তাপ পরিস্থিতি নগরবাসীর জীবনকে হুমকির মুখে ফেলছে এবং শহরের বার্ষিক উৎপাদনের প্রায় আট শতাংশেরও বেশি শ্রম উৎপাদনশীলতা কমছে। ২০৫০ সাল নাগাদ গরম দ্বিগুণ হওয়ার অনুমান করা হচ্ছে। আশঙ্কা করা হচ্ছে নারী ও শিশুদের ওপর এর বিরূপ প্রভাব পড়বে।
আর্শট-রকের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড বলেন, তীব্র তাপপ্রবাহ সারা বিশ্বের শহরগুলোতে একটি প্রেসার কুকারের মতো কাজ করছে ও ঢাকার উত্তরে জনসংখ্যা বেশি হওয়ায় এখানে ঝুঁকি আরো বেশি। তাই ঢাকা উত্তরে একজন চিফ হিট অফিসার (সিএইচও) নিয়োগ দেওয়া হয়েছে। তার নেতৃত্বে এ শহরে নানা পদক্ষেপ গ্রহণ করা হবে। রক ফাউন্ডেশন এ উদ্যোগের অংশীদার হতে পেরে গর্বিত এবং আর্শট-রক ফাউন্ডেশন ডিএনসিসির মানুষের সুরক্ষায় সম্ভাব্য সহযোগিতা দেবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল, ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাই কমিশনার ম্যাট ক্যানেল, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের পরিচালক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ক্যাথি বাঘম্যান ম্যাকলিওড, অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের হিট অ্যান্ড সিটি ডিপ্লোমেসি বিভাগের প্রধান উপদেষ্টা মরিসিও রোডাস, শক্তি ফাউন্ডেশনের ক্লাইমেট চেঞ্জ প্রোগ্রামের প্রধান সোহানি হক ইলিয়াস, শক্তি ফাউন্ডেশনের উপ-নির্বাহী পরিচালক ইমরান আহমেদ ও ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা।