চট্টগ্রাম হতে : চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার নতুন চাক্তাই ও ভেড়ামার্কেট এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স ছাড়া মজুত করা প্রায় ১ হাজার ৮০০ বস্তা সার জব্দ করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় দুই ব্যবসায়ীকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাঁদের মধ্যে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটটি গুদাম থেকে টিএসপি, এমওপি ও ডিএপি সার উদ্ধার করা হয়। এর মধ্যে মোহাম্মদ ফারুকের ছয়টি গুদাম থেকে প্রায় ১ হাজার ৫০০ বস্তা এবং শাহ আলমের দুটি গুদাম থেকে ৩০০ বস্তা সার পাওয়া যায়।
অভিযানে ফারাহ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোহাম্মদ ফারুককে ৩ লাখ টাকা জরিমানা ও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে শাহ আলম সওদাগর এন্টারপ্রাইজকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, কোনো বৈধ লাইসেন্স ছাড়াই এসব সার মজুত করা হয়েছিল। অবৈধভাবে সার মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি বা বেশি দামে বিক্রির চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব উল আলম বলেন, কৃষি উপকরণ ও সারের বাজারে শৃঙ্খলা বজায় রাখতে জেলা প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।
জব্দ করা সার পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সংশ্লিষ্ট থানার কর্মকর্তাদের জিম্মায় রাখা হয়েছে.
সংবাদ পোস্ট | চট্টগ্রাম