হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের ঘুষ নিয়ে করা একটি মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’ ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
সম্প্রতি চুনারুঘাট উপজেলার রানীগাঁও বাজারে একটি মামলার তদন্তে যান এএসআই ইলিয়াস হোসাইন। স্থানীয় এক ব্যক্তি তাঁর বক্তব্য মুঠোফোনে ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওতে ইলিয়াস হোসাইনকে ঘুষ নেওয়া নিয়ে এমন মন্তব্য করতে শোনা যায়, যা নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়।
স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, রানীগাঁও বাজারের ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্তে গিয়ে তিনি ওই বক্তব্য দেন। এদিকে বিভিন্ন মামলার তদন্তে ঘুষ দাবির অভিযোগও তাঁর বিরুদ্ধে উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
এর আগে একটি শিশু নির্যাতন ও ধর্ষণচেষ্টার মামলার তদন্তেও ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছিল। অভিযোগ ছিল, তিনি বিবাদীপক্ষের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে বাদীকে মামলা তুলে নিতে চাপ ও ভয়ভীতি দেখিয়েছেন।
ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে। ৫ অক্টোবর রাতে এএসআই ইলিয়াস হোসাইনকে চুনারুঘাট থানা থেকে প্রত্যাহার করে হবিগঞ্জ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি তাঁর বক্তব্যের প্রেক্ষাপট ও অভিযোগগুলো তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
সংবাদ পোস্ট | হবিগঞ্জ