গত জানুয়ারিতে “পাঠান” সিনেমা দিয়ে দীর্ঘ চার বছরের বিরতির পর বড়পর্দায় ফিরেছিলেন শাহরুখ খান। রুপালি পর্দায় বলিউড বাদশাহর প্রত্যাবর্তনটাও হয়েছিল রাজকীয়; মুক্তির পর একের পর এক নতুন রেকর্ড গড়ে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের পাতায় জায়গা করে নিয়েছিল সিনেমাটি।
শাহরুখের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা “জাওয়ান”র ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে। অ্যাকশনধর্মী সিনেমাটি ইতোমধ্যেই মুক্তির প্রথম দিনেই সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে। মুক্তির তৃতীয় দিনে এসে ছবিটি আরও কয়েকটি রেকর্ড গড়েছে।
হিন্দির পাশাপাশি তামিল ও তেলুগু ভাষায় বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতসহ বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে “জাওয়ান”। মুক্তির তৃতীয় দিনে শনিবার সিনেমাটির হিন্দি সংস্করণ থেকে ৬৬ কোটি রুপি আয় করেছে বলে জানিয়েছে বলিউডভিত্তিক বাণিজ্য বিশেষজ্ঞ সাচনিক।
যদিও প্রযোজকদের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবারে “জাওয়ান”র হিন্দি সংস্করণের আয় ছিল ৬৮ কোটি ৭২ লাখ রুপি। তবে আয়ের অঙ্ক যাই হোক, হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।
হিন্দির পাশপাশি শনিবার তামিল ও তেলুগু সংস্করণ থেকে যথাক্রমে পাঁচ কোটি ও সাড়ে তিন কোটি রুপি আয় করেছে “জাওয়ান”। ফলে সব মিলিয়ে তৃতীয় দিনে ভারত থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৭৫ কোটি রুপির আশেপাশে।
বৃহস্পতিবার মুক্তির প্রথম দিনে তিন সংস্করণ মিলিয়ে “জাওয়ান” সিনেমাটি ৭৫ কোটি রুপি করে। মুক্তির দ্বিতীয় দিনে শুক্রবার অবশ্য সেই আয় নেমে আসে ৫৩ কোটি রুপিতে। তবে শনিবারে আবার আয় বেড়ে যাওয়ায় তিন দিনের মাথায় শুধু ভারত থেকেই “জাওয়ান” সিনেমাটির আয় ২০০ কোটি রুপি ছাড়িয়েছে, বলিউড কিংবা হিন্দি সিনেমার ক্ষেত্রে যা নতুন রেকর্ড।
শুধু ভারতেই না, বিশ্বব্যাপী চলছে “জাওয়ান” নিয়ে উন্মাদনা। বলিউডের অনেক সিনেমা বিশ্লেষকই বলছেন, তিন দিনে ভারত ও বিশ্বব্যাপী সিনেমাটির আয় ৩৫০ কোটি রুপির আশেপাশে দাঁড়িয়েছে। ভারতের বাইরে মুক্তি দেওয়ার পর এর আগে কোনো হিন্দি সিনেমাই তিন দিনে এত বেশি আয় করতে পারেনি।
ভারতে “জাওয়ান” সিনেমা বড়সড় ঝড় তুলবে, তার পূর্বাভাস মিলেছিল অগ্রিম বুকিংয়ের অবস্থা দেখেই। ইতোমধ্যেই অগ্রিম বুকিংয়ের দিক থেকে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড গড়েছে ছবিটি। ভারতের অনেক প্রেক্ষাগৃহেই কাকডাকা ভোর আর মধ্যরাতের পরও “জাওয়ান” সিনেমার প্রদর্শনী রাখা হয়েছে।
ভারতে সাড়ে পাঁচ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে “জাওয়ান”। অন্যদিকে, একই দিনে ভারতের বাইরে অ্যাকশনধর্মী সিনেমাটি রেকর্ড সর্বোচ্চ সাড়ে চার হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। ফলে সব মিলিয়ে একযোগে বিশ্বের ১০ হাজার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। বলিউডের কোনো সিনেমা এর আগে একযোগে ভারত ও বিশ্বব্যাপী এত প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।
“জাওয়ান” সিনেমাটি নির্মিত হয়েছে শাহরুখের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ব্যানারে। ছবিটি পরিচালনা করেছেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার। সিনেমাটি প্রযোজনা করেছেন শাহরুখের স্ত্রী গৌরি খান। ৩০০ কোটি বাজেটে ব্যয়ে নির্মিত সিনেমাটি শাহরুখের দীর্ঘ ক্যারিয়ারের সবচেয়ে ব্যয়বহুল ছবি।
“জাওয়ান” সিনেমায় শাহরুখের বিপরীতে আছেন দক্ষিণ ভারতীয় সিনেমার তারকা নয়নতারা। পাশাপাশি নেতিবাচক ভূমিকায় রয়েছেন খ্যাতনামা অভিনেতা বিজয় সেথুপতিকে। সেই সঙ্গে সঞ্জয় দত্ত, “দ্য ফ্যামিলি ম্যান” খ্যাত প্রিয়ামনি, “দঙ্গল” খ্যাত সানিয়া মালহোত্রা, কমেডি তারকা সুনীল গ্রোভারকেও এ সিনেমায় দেখা যাবে। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোনও।