নিজস্ব প্রতিবেদক : রংপুরের তারাগঞ্জ উপজেলার এক ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের আগামী ২০২৪-২৫ অর্থ বছরের এ উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়।
হাড়িয়ারকুঠি ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে চেয়ারম্যান কুমারেশ রায়ের সভাপতিত্বে উপস্থিত ইউপি সদস্য ও জনসাধারণের সকলের সামনে খসড়া বাজেট ঘোষণা পাঠ করেন ইউপি সচিব অনিমেষ চন্দ্র সরকার। এসময় বাজেটে ইউনিয়ন পরিষদের বার্ষিক আয় ও ব্যয়ের বিষয়ে তিনি বিস্তারিত জানান। এতে বলা হয়, এ অর্থ বছরে হাড়িয়ারকুঠি ইউনিয়নে বিভিন্ন খাতে আয় হয়েছে ২ কোটি ৮৪ লক্ষ ৫৬ হাজার ৫৪০ টাকা ও ব্যয় হয়েছে ২ কোটি ৭৫ লক্ষ ৪০ হাজার ৮৪৩ টাকা এবং সমাপনী স্থিতি রয়েছে ৯ লক্ষ ১৫ হাজার ৬৯৭ টাকা।
উন্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মুশফিকুর রহমান, ইউপি সদস্য আবেদ আলী, মজুমদার রহমানসহ স্থানীয় আরো অনেকেই।