বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা অবরোধের মধ্যে রংপুরে হরতালের ঘোষণা দিয়েছে মহানগর বিএনপি। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ রংপুরের ৫ নেতার সাজার প্রতিবাদে বুধবার (২২ নভেম্বর) রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় হরতালের ঘোষণা দেন রংপুর মহানগর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু।
ভিডিও বার্তায় মিজু বলেন, অবৈধ আওয়ামী লীগ সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায় প্রদান করেছে আদালত। সেই রায়ে রংপুরের কৃতি সন্তান বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডন, রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, জেলা যুবদলের সহসভাপতি তারেক হাসান সোহাগ, যুবদল কর্মী আরিফ হোসেনকে সাজা প্রদান করা হয়েছে। সেই সঙ্গে রংপুর মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, গ্রেপ্তার এবং বাসায় বাসায় পুলিশি তল্লাশির নাম হয়রানি করা হচ্ছে।
এরই প্রতিবাদে বুধবার রংপুর মহানগর এলাকায় সকাল-সন্ধা হরতাল পালিত হবে।এসময় তিনি মহানগরবাসীকে শান্তিপূর্ণভাবে হরতাল পালনের আহবান জানান।