সংবাদ পোস্ট ডেস্ক: বিজ্ঞাপনের পোস্টারে ছেয়ে গেছে মেট্রোরেল। ট্রেনের বাইরে-ভেতরে সর্বত্র পোস্টার। সামাজিক যোগাযোগমাধ্যমে এসবের ছবি ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করেছে মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সোমবার (১৩ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এম এ এন ছিদ্দিক জানান, ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ প্রকল্পের একজন অতিরিক্ত প্রকল্প পরিচালকের নেতৃত্বে তদন্ত কমিটি মঙ্গলবার (১৪ নভেম্বর) ট্রেনগুলো পরিদর্শন করবে। ‘কমিটির রিপোর্ট পাওয়ার পর আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আয় বাড়াতে অন্যান্য দেশের মতো ঢাকার মেট্রোরেলেও বিজ্ঞাপনের জন্য জায়গা ভাড়ার সুযোগ রেখেছে ডিএমটিসিএল। সম্প্রতি বেসরকারি প্রতিষ্ঠান মিডিয়া কমের সঙ্গে পাঁচ কোটি টাকার চুক্তি করেছে। বিজ্ঞাপনী সংস্থাটি তৃতীয় পক্ষের বিজ্ঞাপন প্রচার করছে মেট্রোরেলে। ট্রেনজুড়ে লাগানো ফ্রিজ, টিভির বিজ্ঞাপনের ছবি ছড়িয়ে পড়লে ফেসবুকে সমালোচনার ঝড় ওঠে। সৌন্দর্য নষ্টের অভিযোগ তুলে যাত্রীরাও অসন্তোষ জানান।