বিনোদন ডেস্ক: এক কী হাল সাফা কবিরের! পরনে একটি কালো টপ। বিষণ্ণ চেহারা। কপালে, মুখে, গলায়, বুকে লেখা বেশ কিছু শব্দ- লোনলি, স্যাড, ডিপ্রেসড, অ্যাংজাইটি, নট এনাফ ইত্যাদি। এমন অবাক করা ভঙ্গিমায় তোলা একটি ছবি প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে।
হঠাৎ কেন এমন ছবি প্রকাশ করলেন সাফা— উত্তর জানতে উদগ্রীব তার অনুরাগীরা। মানসিক অবস্থা ঠিক আছে কি না— সেটা নিয়েও চিন্তিত তারা।
চিন্তার কোনো কারণ নেই। মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতামূলক বার্তা দিতেই এই অদ্ভুত ছবি প্রকাশ করেছেন তিনি। এর ক্যাপশনে তা স্পষ্ট।
সাফা লিখেছেন, ‘স্যাডনেস, লোনলিনেস, ডিপ্রেশন, অ্যাংজাইটি শব্দগুলো আমরা সচরাচর অনেকের মুখ থেকেই শুনি, কিন্তু এই কথাগুলোকে আমরা কতটা গুরুত্ব দেই? আমি এমন অনেক মানুষকে দেখেছি, যারা তাদের মেন্টাল হেলথ নিয়ে কথা বলতে চায় না। এমন অনেক মানুষের কথা শুনেছি, যারা বলেছে এটা জ্বর বা কাশির মতো, যেটা মেডিসিন খেলে ঠিক হয়ে যাবে!’
মানসিক স্বাস্থ্য নিয়ে মানুষের উদাসিনতায় শঙ্কা প্রকাশ করেছেন সাফা কবির। তার ভাষ্য, ‘আমি খুবই শঙ্কিত, কারণ আমি জানি এই পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে, যারা মেন্টাল ডিসঅর্ডার বা মানসিক সমস্যায় জর্জরিত। এটা খুবই দুঃখজনক যে, আমাদের দেশের অধিকাংশ মানুষই জানে না, ডিপ্রেশন কী, অ্যাংজাইটি কী বা এসব থেকে প্রতিকারের উপায় কী?’
প্রসঙ্গক্রমে নিজের সমস্যার কথাও জানান সাফা। লিখেছেন, ‘একটা সময় আমারও অ্যাংজাইটি অ্যাটাক হতো। আমি তখন সচেতন ছিলাম, আমার পাশের মানুষগুলোও তেমনই সচেতন ছিল। আমি ডাক্তারের কাছে গিয়েছি। কিন্তু মেডিসিন দিয়ে অল্পসময়ের সাহায্য হলেও সমস্যাটা কিন্তু থেকেই যায়। আমাদের শারীরিক কোনও সমস্যা হলে যেমন চিকিৎসা দরকার, তেমনি দরকার মানসিক চিকিৎসারও। আমি মনে করি, নিজের সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য নিজেরই সমাধান বের করা উচিত। উচিত আশেপাশের মানুষের সাহায্য নেওয়ার, প্রফেশনালসদের সাহায্য নেওয়ার। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জানুন, নিজে শিখুন, অন্যকে শেখান এবং অবশ্যই তাদের পাশে থাকুন।’
সম্প্রতি ‘বেড নাম্বার-৩’ নামে একটি মানসিক স্বাস্থ্য বিষয়ক নাটকে অভিনয় করেন সাফা। এতে একজন মানসিক অবসাদে আক্রান্ত চিকিৎসকের ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
প্রসঙ্গত, ১৯৯২ সাল থেকে প্রতি বছরের ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালন করা হচ্ছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার।