দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ও ভোট গ্রহণ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া তথ্য ছড়িয়ে পড়েছে। জাতীয় নির্বাচনের তফসিল, প্রতীক বরাদ্দ ও ভোট গ্রহণের যে তথ্যটি ফেসবুকে প্রকাশিত হয়েছে, সেটি শুক্রবার (২৫ আগস্ট) রাতে ভুয়া বলে ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। এ ভুয়া তথ্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কমিশনের কাছে বিষয়টি উপস্থাপন করা হবে বলে জানান তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন- ২০২৩ নিয়ে ফেসবুকে যা প্রচার করা হচ্ছে-
আগামী ৯ নভেম্বর (বৃহস্পতিবার) তফসিল ঘোষণা করা হবে। ১৯ নভেম্বর (রোববার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। ২২ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে। ২৯ নভেম্বর (বুধবার) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। ৩০ নভেম্বর (বৃহস্পতিবার) প্রতীক বরাদ্দ এবং ২৩ ডিসেম্বর (শনিবার) ভোট গ্রহণ করা হবে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ
বলেন, এ বিষয়টি আজ আমাদের নজরে এসেছে। যে তথ্যটি ফেসবুকে প্রচার হচ্ছে সেটি ভুয়া। নির্বাচন কমিশন কখনো এত আগে জাতীয় নির্বাচনের তফসিলের বিষয়ে তথ্য দেয় না। আমরা এ বিষয়টি কমিশনের নজরে আনব। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনে ফেসবুক কর্তৃপক্ষকে জানানো হবে।খবর:ঢাকা পোস্ট