প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে বিপাকে রয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। একই ইস্যুতে নাম জড়িয়েছে আরেক অভিনেত্রী নোরা ফাতেহির। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে তীব্র দ্বন্দ্ব তৈরি হয়েছে। গত বছরের ডিসেম্বরে জ্যাকুলিনের বিরুদ্ধে মামলা পর্যন্ত করেছিলেন নোরা। এবার সেই দ্বৈরথ আরও গাঢ় হলো! যেই সিনেমায় জ্যাকুলিন অভিনয় করার কথা ছিল, সেটি এখন নোরার দখলে!
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বছরের মাঝামাঝিতে ‘ক্র্যাক’নামের একটি সিনেমাতে যুক্ত হন জ্যাকুলিন। শুটিংয়েও যোগ দিয়েছিলেন। সেসময় এই সিনেমার প্রযোজনার দায়িত্বে ছিল বিদ্যুৎ জাম্মওয়ালের প্রযোজনা সংস্থা ‘অ্যাকশন হিরো ফিল্মস’। কিন্তু একসময় সিনেমাটি থেকে সরে দাঁড়ায় সংস্থাটি। এরপর ‘ক্র্যাক’-এর প্রযোজনায় আসে টি সিরিজ। আর এর পরই জ্যাকুলিনকে বাদ দিয়ে ‘ক্র্যাক’-এ নেওয়া হয়েছে নোরা ফাতেহিকে। আগামী অক্টোবরেই সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন ‘দিলবার’ গার্ল। অবশ্য বিষয়টি নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও ঘোষণা দেননি সংশ্লিষ্টরা।
এছাড়া জ্যাকুলিনও এখনও কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেননি। ‘ক্র্যাক’ পরিচালনা করছেন আদিত্য দত্ত। এর আগে তার নির্মিত একাধিক সিনেমা প্রশংসিত হয়েছে। শোনা যাচ্ছে, চূড়ান্ত পর্যায়ের স্পোর্টস-অ্যাকশন ধাঁচের সিনেমা হবে ‘ক্র্যাক’। এতে এক ব্যক্তির জার্নি দেখানো হবে, যিনি মুম্বাইয়ের বস্তি থেকে উঠে এসে আন্ডারগ্রাউন্ড স্পোর্টস বিশ্বে পরিচিতি পায়। এই চরিত্রে অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল। চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০০ কোটি রুপির আর্থিক জালিয়াতির অভিযোগে কারাগারে রয়েছেন সুকেশ চন্দ্রশেখর। তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল জ্যাকুলিন ফার্নান্দেজের। সুকেশের কাছ থেকে বিভিন্ন দামি উপহার পেয়েছেন অভিনেত্রী। এই সূত্রেই আটক হন জ্যাকুলিন। তার বয়ানের সূত্র ধরে মামলায় জড়িয়ে যায় নোরা ফাতেহির নামও। তবে নোরার বিরুদ্ধে গুরুতর কোনও প্রমাণ না পাওয়ায় ছাড়া পেয়ে যান। এরপরই জ্যাকুলিনের ওপর ক্ষুব্ধ হয়ে মানহানির মামলা করেন নোরা।