রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মা ও ছোট দুই ভাইয়ের পিটুনিতে মাইদুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার(১০ জুলাই) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মাইদুল ইসলাম (২৮) উপজেলার কৈকুড়ী ইউনিয়নের মকরমপুর গ্রামের মৃত মনদিল হোসেনের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার মৃত্যু পর মায়ের কাছে জমাজমির ভাগ দাবি করে আসছিলেন মাইদুল ইসলাম। এতে বড় ভাই জাহিদুল ইসলামের সম্মতি থাকলেও ছোট দুই ভাই ও মায়ের সঙ্গে দ্বন্দ্বের সৃষ্টি হয়।
গত ৩ জুলাই সকাল ৮ টার দিকে মাইদুল ইসলাম তার মায়ের কাছে গিয়ে বাবার রেখে যাওয়া জমির ভাগ দাবি করেন। এ নিয়ে মা জিন্নাতুন নেছার সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এসময় ছোট দুই ভাই মাহবুব মিয়া ও জেনারুল ইসলাম মানিক পিছন থেকে খুন্তির হাতল দিয়ে মাইদুল ইসলামের ঘাড়ে আঘাত করেন। পরে মা ও দুই ভাই মিলে বেধড়ক পিটুনি দিলে গুরুতর আহত হন মাইদুল ইসলাম।
এসময় মাইদুল ইসলাম উপস্থিত লোকজনের কাছে বাঁচার আকুতি জানান। এজন্য তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতেও অনুরোধ করেন। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
পরে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৮দিন চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনার সাথে জড়িত ছোট ভাই জেনারুল ইসলাম মানিককে আটক করেছে পীরগাছা থানা পুলিশ ।
এ ব্যাপারে পীরগাছা থানার ওসি তদন্ত সেলিমুর রহমান বলেন, ঘটনার সঙ্গে জড়িত জেনারুল নামে তার এক ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই জাহিদুল ইসলাম বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।