বগুড়ায় ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে জসিম মিয়া (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। শনিবার বেলা ১১টার দিকে শহরের চকলোকমান কলোনী মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
জসিম মিয়া ঢাকার কারওয়ান বাজারের রুহুল আমিনের ছেলে এবং পেশায় একজন রং মিস্ত্রি ৷ তিনি বিয়ের পর বগুড়ার চকলোকমানে শ্বশুরবাড়িতে থাকতেন।
স্থানীয়রা জানান, জসিমের পরিবারের সঙ্গে শুক্রবার চকলোকমান মসজিদ মাঠে ক্রিকেট খেলা নিয়ে স্থানীয় কিছু যুবকের ঝগড়া হয়। ওই ঘটনার সূত্র ধরে জসিমের স্ত্রী মালেকা শনিবার সকালে মাঠে খেলতে আসা রাব্বি নামে এক যুবকের মাকে থাপ্পড় দেন। কিছুক্ষণ পর ওই যুবক তার সহযোগী রাজিব, রবিন ও আসলামকে নিয়ে এসে ধারালো ছুরি দিয়ে জসিমের বুকে ও পেটে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জসিমের শ্যালিকা মিতা বেগম বলেন, শুক্রবার বিকেলে রাব্বিরা ক্রিকেট খেলছিল। এ সময় আমাদের ভাতিজা শিশু আলী হাসানের গায়ে বল লাগে। তাদের সতর্ক করতে গেলে উল্টো তারাই আমাদের মারধর করে। এ নিয়ে সন্ধ্যায় একটি মীমাংসাও হয়। সকালে কোনো কারণ ছাড়াই রাব্বিসহ আরও ৩ থেকে ৪ জন যুবক এসে জসিমকে মসজিদ মাঠে ছুরিকাঘাত করে পালিয়ে যায়৷
বগুড়া বনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার বিকেলে চকলোকমান মসজিদ মাঠে ক্রিকেট খেলা নিয়ে তুচ্ছ ঘটনায় জসিম খুন হয়েছেন। তার মরদেহ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে। জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
এ ঘটনায় অভিযুক্তরা পলাতক থাকায় কারও বক্তব্য পাওয়া যায়নি।